মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল আহমেদ দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তারা আরও বলেন, অবৈধ মাদক পাচার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

