ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আরও একবার চ্যাম্পিয়ন হতে চান তিনি। কিন্তু মেসির হাতে ট্রফি দেখতে চান না ইংল্যান্ডের ফুটবলার ড্যান বার্ন। তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিউক্যাসল ইউনাইটেডে খেলা ইংল্যান্ডের এই সেন্টার ব্যাক বলেছেন, আমি আশা করছি, মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন। এবারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না।
কেন এমন কথা বললেন বার্ন? তিনি বলেন, গতবারই মেসি বিশ্বকাপ জিতেছে। ফুটবলের আর কোনও ট্রফি জেতা ওর বাকি নেই। এবার বাকিদের সুযোগ। আশা করি, ফুটবল দেবতাও চান, এবার অন্য কোনো দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই চলে যাবে।
বার্নের এই কথার দুই রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। একদলের মতে, যা মনে হয়েছে সেটাই বলেছেন বার্ন। প্রত্যেকের মত ভিন্ন। তিনি অন্তত নিজের মনের কথা স্পষ্টভাবে বলেছেন। অপর একটি দলের মতে, এবারও বিশ্বকাপ জেতার বড় দাবিদার আর্জেন্টিনা। তাই এখন থেকেই ইউরোপের দেশগুলো আর্জেন্টিনাকে ভয় পেতে শুরু করেছে। ইংল্যান্ড ৬০ বছর ধরে বিশ্বকাপ জেতেনি। তাই এই সব কথা বলে আর্জেন্টিনার মনোবল কমানোর চেষ্টা করছে তারা।
গতবারের বিশ্বকাপের আগেই মেসি জানিয়েছিলেন, সেটি তার শেষ বিশ্বকাপ। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তারপর অবশ্য অবসর ঘোষণা করেননি তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছেন। দেশকে আবার বিশ্বকাপে তুলেছেন। তারপরেও মেসির খেলা নিয়ে সংশয় ছিল। শেষপর্যন্ত তিনি খেলছেন। তবে এ বারই শেষ।
মেসির কাছে সুযোগ রয়েছে, বিশ্বের একমাত্র অধিনায়ক হিসাবে পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার। বিশ্বকাপে ১৩ গোল হয়েছে মেসির। আর চারটি গোল করলেই সবাইকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি।
১৭ জুন ভারতীয় সময় ভোর ৬.৩০ মিনিটে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। ২২ জুন রাত সাড়ে ১০টায় অস্ট্রিয়া ও ২৮ জুন সকাল সাড়ে ৭টায় জর্ডনের বিরুদ্ধে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবেন মেসিরা।

