মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

0
মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

কানসাস সিটিতে আর্জেন্টিনার দাপুটে জয়ের পরও ম্যাচটি ঘিরে থামছে না আলোচনা। বিশেষ করে লিওনেল মেসির একটি ট্যাকলকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়িয়েছে, যা নিয়ে ফিফার কাছেই অভিযোগ জানিয়েছে আলজেরিয়া।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে আলজেরিয়া। তবে ম্যাচের ফলের বাইরে আলোচনায় উঠে আসে রেফারির কিছু সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে আসে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ট্যাকল।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগে আলজেরিয়া প্রথমার্ধের একটি নির্দিষ্ট ঘটনাকে গুরুত্ব দিয়েছে। সেখানে অভিযোগ করা হয়, মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে আঘাত করেছিলেন।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই। পরে মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন এবং বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছে যান। দুজনের গোল এখন ১৬টি করে।

কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচ পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।

এই হারের পর আগামী মঙ্গলবার জর্ডানের মুখোমুখি হবে আলজেরিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে, আর্জেন্টিনা পরের ম্যাচে খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here