মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়

0
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়

লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে ইন্টার মায়ামি মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। সিনসিনাটির বিপক্ষে দুই গোল ও এক অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন মহাতারকা।

আজ ভোরে হওয়া ম্যাচে সিনসিনাটিকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে মায়ামি। এই জয়ের ফলে প্রতিপক্ষের মাঠে টানা সাত ম্যাচ জেতার রেকর্ড গড়ল তারা।

ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় মায়ামি। প্রতিপক্ষের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গেলে তা মেসির পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৪১ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান কেভিন ডেঙ্কি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে সিনসিনাটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন পাভেল বুচা। তবে স্বাগতিকরা লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৫৫ মিনিটে রদ্রিগো ডি পল পেনাল্টি বক্সের ভেতর থেকে বল বাড়িয়ে দিলে দুর্দান্ত এক শটে মায়ামিকে ২-২ সমতায় ফেরান মেসি।

এই গোলের মাধ্যমে এমএলএসের নিয়মিত মৌসুমে ৬৫ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৬১-তে। লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে ১২ গোল নিয়ে এখন দ্বিতীয় স্থানে এলএমটেন।

ম্যাচের ৬৪ মিনিটে ইভান্দার ফেরাইরার দুর্দান্ত শটে আবারও এগিয়ে যায় সিনসিনাটি। ৭৯ মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে সমতায় ফেরান।

৮৪ মিনিটে সিনসিনাটির রক্ষণ ও গোলকিপারের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে মায়ামিকে লিড এনে দেন জার্মান বের্তেরাম।

ম্যাচের ৮৯ মিনিটে মেসির শট পোস্টে লেগে গোলকিপারের গায়ে লেগে জালে জড়ালে সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়। প্রাথমিকভাবে মাঠের সবাই মেসির হ্যাটট্রিক গোল মনে করলেও ম্যাচ শেষে সিদ্ধান্ত পরিবর্তন করে এমএলএস কর্তৃপক্ষ।

১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে সিনসিনাটি, এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল এসসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here