মুন্সীগঞ্জ জেলা কারাগারে একটি কারা লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে লাইব্রেরিটির উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বই মানুষের জ্ঞান, মূল্যবোধ ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারাগারে লাইব্রেরি স্থাপনের মাধ্যমে বন্দিদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে, যা তাদের সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক হবে।
তিনি আরও বলেন, শিক্ষা ও জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বন্দিদের সমাজের মূলধারায় পুনরায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জেলা পরিষদ মুন্সীগঞ্জ ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে লাইব্রেরিটি নির্মাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফখরুল আশরাফসহ কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত কারা লাইব্রেরি পরিদর্শন করেন। এসময় তারা সেখানে সংরক্ষিত ধর্মীয়, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক বিভিন্ন বই ঘুরে দেখেন এবং পাঠ কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

