মুন্সীগঞ্জে ৪০দিন জামায়াতে নামাজ পড়ে পেলেন সাইকেল

0
মুন্সীগঞ্জে ৪০দিন জামায়াতে নামাজ পড়ে পেলেন সাইকেল

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন মারিয়ালয় গ্রামে ৪০দিন জামায়াতে নামাজ আদায় করে ৩১ জন শিশু কিশোর বাইসাইকেল পেয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও ৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় ২৬ জনকে প্রেসার কুকার প্রদান করা হয়েছে। 

মাড়িয়ালয় গ্রামবাসীর উদ্যোগে মারিয়ালয় গ্রামের তিনটি জামে মসজিদ এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামে মসজিদে শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সমাজসেবক হাজী মো. সাখাওয়াত হোসেন। শেখ মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ও  সমাজসেবক বিল্লাল হোসেন কাজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী।

এ সময় বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত নামাজ আদায়ে  উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজীসহ এলাকাবাসী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here