পূর্ব বিরোধের জেরে গাছের সঙ্গে বেঁধে আলমগীর মন্ডল (৩৫) নামে এক যুবকের দুই পায়ের রগ কেটে ও মাথা থেঁতলে দিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা—এমন অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদরের রনছ পারুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় আলমগীর মন্ডলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আলমগীর শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশেক মন্ডলের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।
তার ভাই লালন মন্ডল জানান, এর আগে শহরের বৈখর এলাকার চিহ্নিত মাদক কারবারী বাবু মিজি (২৮) তার ভাইকে কুপিয়ে আহত করেছিল। ওই ঘটনায় একটি মামলা চলমান রয়েছে। সেই মামলার জের ধরেই এ হামলা চালানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় আলমগীরকে রনছ পারুল পাড়া ব্রিজ এলাকায় একা পেয়ে একটি গাছে বেঁধে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয় এবং মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়।
আহত আলমগীর জানান, বাবু মিজির নেতৃত্বে ৪–৫ জনের একটি দল তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত বাবু মিজির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, তিনি জামিনে বের হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

