মুন্সিগঞ্জে চার দফা দাবিতে মানববন্ধন

0
মুন্সিগঞ্জে চার দফা দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ঘাট এলাকায় চার দফা দাবিতে বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চরাঞ্চলের বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ১০টায় ‘চরাঞ্চলের অবহেলিত জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের পাশাপাশি মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ও বাংলাবাজার এবং শরীয়তপুর জেলার নড়িয়া, জাজিরা ও সখীপুর উপজেলার মানুষ অংশ নেন। দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ জানিয়ে তাঁরা চরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দিঘিরপাড়, কাচিকাটা, নওপাড়া, চরআত্রা, কুন্ডেরচর, চর শিলই ও চর বাংলাবাজারসহ বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষ বছরের পর বছর অবকাঠামোগত সংকট ও নাগরিক দুর্ভোগের মধ্যে বসবাস করছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং কৃষিপণ্য পরিবহনে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

মানববন্ধন থেকে চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—চরাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে একটি টেকসই সেতু নির্মাণ, নদীভাঙন ও জলাবদ্ধতা প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, গুরুত্বপূর্ণ কাঁচা সড়কগুলো পিচঢালা সড়কে উন্নীতকরণ এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান।

বক্তারা বলেন, দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া যায় না, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয় এবং কৃষকরা ন্যায্যমূল্যে তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারেন না। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। ফলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়ে।

দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্যা বলেন, “চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানামুখী সমস্যার মধ্যে বসবাস করছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের স্বার্থে চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক।”

তিনি আরও বলেন, উন্নয়ন থেকে পিছিয়ে থাকা এই জনপদের মানুষের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘদিনের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে চরাঞ্চলের উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে চরাঞ্চলের মানুষও দেশের উন্নয়নের মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here