মিশ্র ফলের বাগান, স্বপ্ন দেখাচ্ছেন চার বন্ধু

0

মিশ্র ফলের বাগান, স্বপ্ন দেখাচ্ছেন চার বন্ধু

কোনো গাছে ঝুলছে থাই পেয়ারা, কোনো গাছে বারি-৪ মাল্টা, কমলা, বারো মাসি আম-কাটিমন-গৌরমতি, কোনো গাছে কুল, বাতাবি লেবু, আলু বোখরা, মলভোগ কলাসহ বিভিন্ন জাতের বিভিন্ন ফল ডালে ডালে ঝুলছে। মিশ্র বাগানে ঝুলে থাকা বিভিন্ন ফল দেখে যে কারোর মন জুড়িয়ে যাবে। বাণিজ্যিকভাবে মিশ্র ফলের বাগানে ঝুলছে আগামী দিনের স্বপ্ন।

বাণিজ্যিকভাবে মিশ্র ফলের বাগান গড়ে তুলে আর্থিকভাবে ব্যাপক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চার বন্ধু। তারা হলেন- দিনাজপুরের বীরগঞ্জের সাব্বির হোসেন, মুসফিকুল বারী, মেহেদী মাসরাফ ও জহিরুল ইসলাম। এরই মধ্যে বাগান তৈরির এক বছরে ১০-১২ লাখ টাকা আয় হয়েছে তাদের। তাদের সফলতার অনুপ্রেরণায় অনেক বেকার যুবক ঝুকছেন এসব মিশ্র বাগান গড়তে।

চার বন্ধুর একজন সাব্বির হোসেন জানান, এই মিশ্র বাগান গড়ার আগে এখানে ধানের জমি ছিল। ধানের জমির চেয়ে আরও লাভবানের আশায় আমরা চার বন্ধু এখানে বিনিয়োগ করে এই মিশ্র বাগান গড়ে তুলেছি। এই বাগানে কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে। চলতি মৌসুমে ফলন ভালো হয়েছে। মিশ্র বাগানে মাল্টা, থাই পেয়ারা, আমসহ বিভিন্ন ফলের গাছ রয়েছে। সাত বিঘা জমিতে এসব ফলের গাছ ছাড়াও মাঝে একটি পুকুরও রয়েছে। যেখানে মাছ চাষ করা হচ্ছে।

কৃষি অফিস জানায়, এসব উঁচু জমিতে মাল্টাসহ বিভিন্ন মিশ্র ফল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। তাকে অনুসরণ করে অনেকে মিশ্র ফল চাষের দিকে ঝুকছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here