আসন্ন টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন সামনে রেখে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ নারী ফুটবল দল। মাঠের লড়াই শুরুর আগে দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে, স্কোয়াডের সব খেলোয়াড় বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও চোটমুক্ত আছেন। মারিয়া মান্দার দল এখন মানসিকভাবে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে।
নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গোয়ার তীব্র গরম আর আর্দ্রতার মাঝেই সকালের সেশনে কিছুটা হালকা বৃষ্টি হানা দেয়। তবে এই প্রতিকূল আবহাওয়াও দমাতে পারেনি ঋতুপর্ণাদের, পুরোটা সময় তারা বেশ সিরিয়াস মুডে অনুশীলন চালিয়ে যান।
আজকের অনুশীলন সেশনটি শুরু হয় মূলত ওয়ার্ম-আপ ও পাসিং ড্রিলের মাধ্যমে। এরপর বলের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল রপ্ত করতে বিশেষ গেমে মেতে ওঠেন মেয়েরা। অনুশীলনের শেষ ৩০ মিনিটে ফুটবলাররা নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ম্যাচ খেলেন। এ সময় কোচিং স্টাফরা খেলোয়াড়দের পজিশনিং এবং ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের করণীয় সম্পর্কে বাড়তি দিকনির্দেশনা দেন।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কোয়াডে কোনো চোটের সমস্যা নেই। মাঠের কঠোর অনুশীলন শেষে দুপুরে টিম হোটেলেই জিম সেশন ও আইস বাথ নিয়ে ক্লান্তি দূর করেছেন মেয়েরা। আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে বাংলাদেশ দল। এরপর আগামী ২৮ মে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মারিয়াদের মূল মিশন। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

