মালয়েশিয়ায় বিএসওএমের ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

0
মালয়েশিয়ায় বিএসওএমের ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মালয়েশিয়ায় বসবাসরত ছাত্র-শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন দেশের অতিথিদের অংশগ্রহণে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন হিসেবে বিএসওএম এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

সংগঠনের সভাপতি মো. আসাদুল্লাহ আল গালীব (রাব্বি)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সিদ্দিকী সঞ্চালনার দায়িত্ব পালন করেন এবং শিক্ষা সম্পাদক আল আমিন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। নাইজেরিয়ান শিক্ষার্থী কুরআনের হাফেজ সাবের আহমেদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়।

ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা শায়খ আবদুল মোস্তফা রহিম আযহারী। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম এবং মানবকল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী জসিম উদ্দিন, দাতো সিরায়াক, ডা. শরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাজমুল হাসান, রমজান আলী, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া সভাপতি মো. আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন জাকারিয়া প্রমুখ।

এ ছাড়া মালয়েশিয়ার ২০-২৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে দেশি-বিদেশি শিক্ষার্থী, অভিভাবক, সংবাদমাধ্যমের কর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বিএসওএম-এর সঙ্গে যুক্ত হয়ে গঠনমূলক ও কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শায়খ আবদুল মোস্তফা রহিম আযহারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here