মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা

0
মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা

মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও বিপদগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদে দেশে ফেরাতে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন। এই সহায়তার অংশ হিসেবে কয়েকজন প্রবাসীকে বিমান টিকিট প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্তদের হাতে টিকিট তুলে দেন। এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। প্রবাসীদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমিল্লার চান্দিনার নরুল ইসলাম (৫০), তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মায় আক্রান্ত, এবং একই জেলার মো. আজিজ প্রামাণিক (৫৫), তিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

এ প্রসঙ্গে হাইকমিশনার নাজমুল ইসলাম বলেন,’বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবিকা অর্জন ও পরিবারের ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে যারা প্রবাসে কঠোর পরিশ্রম করছেন, তাদের কেউ অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো মানবিক সংকটের সম্মুখীন হলে তা আমাদের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়। বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনের মুহূর্তে মানবিক সহায়তা, চিকিৎসা, নিরাপত্তা এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,’আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে তাদের নিরলস প্রচেষ্টা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং দেশের প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি করেছে। সংকটময় সময়ে প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকারের মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল প্রতিফলন।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীর কল্যাণ ও অধিকার রক্ষায় তারা ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here