মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় পর্দার ট্রাম্প, বললেন ‌‌‘আমেরিকা এখন অত্যন্ত করুণ পরিস্থিতিতে’

0
মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় পর্দার ট্রাম্প, বললেন ‌‌‘আমেরিকা এখন অত্যন্ত করুণ পরিস্থিতিতে’

কান চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘ফিয়র্ড’-এর সংবাদ সম্মেলনে এসে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন হলিউড অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অভিনয় করে আলোচিত হওয়া এই অভিনেতা সাফ জানিয়েছেন, আমেরিকার বর্তমান পরিস্থিতি মোটেও কোনো ‘হাস্যকর বিষয়’ নয়, বরং দেশটি এখন অত্যন্ত করুণ একটি সময় পার করছে।

দুই বছর আগে ২০২৪ সালের কান উৎসবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগমুহূর্তে প্রিমিয়ার হয়েছিল ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমার। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার এক বছরেরও বেশি সময় পর, স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্ট্যান। প্রশ্নটি শোনার পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে একধরনের অস্বস্তিকর হাসির রোল উঠলে স্ট্যান বেশ গম্ভীরভাবেই এর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এটি আসলে হাসির কোনো বিষয় নয়। আমেরিকা এখন সত্যিই খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সেন্সরশিপ, হুমকি এবং কখনো শেষ না হওয়া তথাকথিত মামলার ভয় দেখানো—এসবের দিকে তাকালেই বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমাটি তৈরির সময়ই তারা এই ধরনের সমস্ত প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন এবং তখন থেকেই ভবিষ্যৎ পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে সিনেমাটি মুক্তির আগে ট্রাম্পের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠিয়ে প্রদর্শনী বন্ধের হুমকি দেওয়া হয়েছিল। সে সময় সিনেমাটিকে ‘আবর্জনা’ ও ‘মনগড়া গল্প’ বলে আখ্যা দেন ট্রাম্প। সেই স্মৃতি রোমন্থন করে স্ট্যান জানান, উৎসব শুরু হওয়ার মাত্র তিন দিন আগেও তারা নিশ্চিত ছিলেন না যে সিনেমাটি প্রদর্শিত হতে পারবে কি না। তবে সব বাধা পেরিয়ে সিনেমাটি টিকে গেছে এবং সময়ের পরীক্ষায় এটি উত্তীর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে কান উৎসবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্যের পাশাপাশি সেবাস্টিয়ান স্ট্যানের নতুন সিনেমা ‘ফিয়র্ড’ বেশ সাড়া ফেলেছে। সোমবার রাতে প্রিমিয়ারের পর সিনেমাটি উপস্থিত দর্শকদের কাছ থেকে ১০ মিনিটেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) লাভ করে। রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঞ্জিউ পরিচালিত এই মর্মস্পর্শী পারিবারিক ড্রামায় স্ট্যানের বিপরীতে অভিনয় করেছেন রেনাতে রেইনসভে। গল্পে দেখা যায়, কড়া ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী এক রোমানিয়ান দম্পতি তাদের সন্তানদের নিয়ে নরওয়ের একটি ছোট গ্রামে স্থায়ী হন। কিন্তু স্কুলের শিক্ষকরা তাদের মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পাঁচটি সন্তানকে কেড়ে নেওয়া হয়, যা পরবর্তীতে একটি দীর্ঘ আইনি লড়াইয়ে রূপ নেয়।

চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা, পরিচালক মুঞ্জিউ, সেবাস্টিয়ান স্ট্যান এবং রেনাতে রেইনসভে—এই ত্রয়ীর অনবদ্য রসায়ন ‘ফিয়র্ড’ সিনেমাটিকে এবারের কানের সর্বোচ্চ সম্মাননা ‘পাম দোর’ এনে দিতে পারে। এর আগে ২০০৭ সালে ‘৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড ২ ডেজ’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছিলেন মুঞ্জিউ। অন্যদিকে রেনাতে রেইনসভেও এর আগে কানের মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করেছেন এবং তার অভিনীত ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমাটি অস্কারের মঞ্চেও দারুণ সাফল্য পেয়েছিল।

সূত্র: ভ্যারাইটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here