মাদ্রাসা শিক্ষার্থীদের অষ্টম শ্রেণির নিবন্ধন শেষ ১৪ মে

0
মাদ্রাসা শিক্ষার্থীদের অষ্টম শ্রেণির নিবন্ধন শেষ ১৪ মে

২০২৬ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত মাদ্রাসা শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ১৪ মে পর্যন্ত ই-এসআইএফ পদ্ধতিতে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সুযোগ থাকবে।

রবিবার বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিবন্ধনের যোগ্যতা ও বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধনকৃত এবং ২০২৫ সালের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল নিবন্ধনের সুযোগ পাবে।

নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ১১ বছরের বেশি এবং সর্বোচ্চ ১৭ বছর নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২২ বছর পর্যন্ত শিথিল রাখা হয়েছে। তথ্য এন্ট্রির সময় ভুল তথ্য প্রদান করা হলে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

ফি ও জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের জন্য বিলম্ব ফি ছাড়া মোট নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৭৪ টাকা। এর মধ্যে নিবন্ধন ফি ৫০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা। ১২ মে পর্যন্ত বিলম্ব ফিসহ নিবন্ধন ফি জমা দেওয়া যাবে। সে ক্ষেত্রে অতিরিক্ত ৫০ টাকা বিলম্ব ফি যুক্ত হয়ে মোট ১২৪ টাকা পরিশোধ করতে হবে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়ার পরই শিক্ষার্থীর তথ্য আপলোড বা নতুন এন্ট্রির সুযোগ পাওয়া যাবে।

বোর্ড আরও জানিয়েছে, পাঠদানের অনুমতি বা স্বীকৃতিবিহীন কোনো মাদ্রাসা এ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তবে নতুন অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বোর্ড থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে এর দায় কোনোভাবেই বোর্ড বহন করবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here