মাদারীপুরে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ৬

0
মাদারীপুরে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ৬

যৌথ বাহিনীর অভিযানে মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। 
শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঘুনসী গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন সব্যসাচী ওরফে মিলন মাতুব্বর, শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর, শাহ আলম মাতুব্বরের ছেলে মনু মাতুব্বর, কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম, মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম এবং শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার।

শুক্রবার দুপুরে মাদারীপুর সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদারীপুর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী মধ্যে রয়েছে ৭.৬৫ মি.মি. একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ইয়ারগান ও ১২০ রাউন্ড কার্টিজ, একটি কাটা ৩০৩ রাইফেল, দুটি স্টিলের গিয়ার চাকু, দুটি চাইনিজ কুড়াল, সাতটি রামদা, একটি বল্লম ও ১৮টি টেটা, একটি বেসবল ব্যাট, এক পুঁড়িয়া গাঁজা, একটি টর্চ লাইট, একটি পাসপোর্ট, একটি এনআইডি কার্ড, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ট্যাব।

তিনি আরও জানান, আটককৃতদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুদ ছিল। তারা এসব অস্ত্র ব্যবহার করে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান, আটককৃতদের অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ, মিলন সব্যসাচী মাদারীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র তুষার সব্যসাচীর পিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here