
জয়পুরহাট মাদকের পৃথক দুটি মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের পৃথকভাবে ৫০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সোমবার দুপুর আড়াইটার দিকে জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক অতিরিক্ত জেলা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৫ নভেম্বর রাতে গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ আলীর মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় বস্তার মধ্যে রাখা ১৩৯ বোতল ফেনসিডিলসহ আপেল প্রামানিককে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর আদালত আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
অন্যদিকে ২০২২ সালের ৬ মার্চ গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে মাহফুজুর রহমানকে আটক করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে একটি খড়ের গাদা থেকে ৬৭ বোতল ফেনসিডিল ও ১১ বোতল ফারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে আজ আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

