
মাদক পাচারকারীদের মোটর সাইকেলের সাথে পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৪৬ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুরে এই ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মাদক পাচারকারীরা মোটরসাইকেলে মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল মহাম্মদপুর গ্রামের রাস্তায় ব্যারিকেড দিয়ে মাদক পাচারকারীদের থামানোর চেষ্টা করে। এ সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে মাদক পাচারকারীদের মোটরসাইকেলের সাথে পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হন দুই পুলিশ সদস্য।

