মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে : এমপি বাবুল

0
মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে : এমপি বাবুল

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল বলেছেন, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। 

আসুন, আমরা মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি। আমরা যেহেতু সীমান্ত এলাকায় বসবাস করি, সেহেতু এই সীমান্ত দিয়ে অবাধে মাদক আসছে আর আমাদেরকে এই মাদক ছোবল দিচ্ছে। এই ছোবল থেকে আমাদেরকে মুক্ত হতে হলে খেলাধুলার বিকল্প নেই।’

মঙ্গলবার (২ জুন) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকবিরোধী র্যালি ও খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভেলাবাড়ী তারুণ্যের আলো সামাজিক সংগঠনের আয়োজনে ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র প্রমুখ।

ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রোকসানা খাতুন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘মাদকাসক্তি বর্তমান বিশ্বের একটি অন্যতম আর্থ-সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা। এটি কেবল ব্যক্তি বা পরিবার নয়, বরং পুরো যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর খেলাধুলা করলে দেহ, মন ও প্রাণ সুস্থ থাকে। তাই আমাদেরকে মাদক থেকে বেরিয়ে আসতে হবে।’

তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পাওয়ার পর আমার নির্বাচনী এলাকায় মাদককে জিরো টলারেন্স ঘোষণা করে নির্মূল করতে প্রশাসনের সাথে মতবিনিময় করেছি। অভিযান চালাচ্ছে প্রশাসন। মাদক কারবারীদের গ্রেপ্তার করে জেল-জরিমানা করছে। তবে এটা নির্মূল করতে যদি একাই প্রশাসনের ওপর নির্ভর করি, তাহলে তাদের পক্ষে সেটা সম্ভব নয়।

রোকন উদ্দিন বলেন, আজকে যেমন তারুণ্যের সামাজিক সংগঠন মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অনুরূপভাবে সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে।

এর আগে, রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের যুবকদের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।

ভেলাবাড়ী প্রিমিয়ার লীগ বিপিএল-সিজন-১ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধনী ম্যাচে আমেনা বাজার ক্রিকেট একাডেমি ও দুর্গাপুর ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here