মাদকাসক্ত ছেলের বেধড়ক মারধরে বাবার মৃত্যু

0
মাদকাসক্ত ছেলের বেধড়ক মারধরে বাবার মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের বেধড়ক মারধরে বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) পৌর এলাকার বড় আলমপুর গ্রামের এই ঘটনা ঘটে। এ ঘটনার নিহতের অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) আলমপুর গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। ছেনু মিয়া একটি মোবাইল কোম্পানির মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। এই ঘটনার অভিযুক্ত মাদকাসক্ত বড় ছেলের নাম নাজমুল হাসান রাসেল (৩৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, মাদকাসক্ত নাজমুল রোজগারের সব টাকা সে মাদকের পেছনেই ওড়াত। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। এই নিয়ে বাবার সাথে তার প্রায়ই ঝগড়া হতো। সম্প্রতি ছেনু মিয়া ৬ শতাংশ জমি রাসেলকে না জানিয়ে বিক্রয় করেন। জমি বিক্রয়ের টাকার ভাগ নাজমুলকে কেন দেয়া হলো না এ নিয়ে শনিবার সকালে রাসেল তার পিতার কাছে টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রাসেল তার বাবাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। মারধরের পর গুরুতর আহত ছেনু মিয়াকে হাসপাতালে না নিয়ে প্রথমে ঘরে রেখেই চিকিৎসা দেওয়া হয়। বেলা দেড়টার সময় আশংকাজনক অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী আমিনুল বলেন, রাসেল পূর্বেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। কিছুদিন আগেই রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারও সে টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকে। ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here