ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর বিওপির একটি টহল দল শ্রীনাথপুর হালদারপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাকে আটক করে।
আটক যুবকের নাম মো. আমির হুসাইন (২৩)। তিনি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে বিজিবি।
৫৮ বিজিবি সূত্রে জানা যায়, আমির হুসাইন অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বৃহস্পতিবার রোহিঙ্গা যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

