ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বৈধ প্রার্থী ঘোষণার সুযোগ দেখছে না ইসি।
সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে শেষে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনিরা শারমিনের প্রার্থিতা রাখার কোনো সুযোগ দেখছি না।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় কারণে রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি কমিশনে আপিল করেন।
এ বিষয়ে মনিরা বলেন, সরকারি চাকরি হিসেবে আমি যে পর্যায়ে কাজ করেছি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই আমি মনে করি না যে এটা মনোনয়নপত্র বাতিল হওয়ার মতো। কমিশন থেকে প্রার্থিতা না পেলে আদালতে যাবো।
গত ২২ এপ্রিল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর মনিরা শারমিনকে চাকরির সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য ২৩ এপ্রিল দুপুর ১২টার মধ্যে সরবরাহ করার আদেশ দিয়ে তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত রাখা হয়। এদিকে জোটের অন্য এক প্রার্থী এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র নির্ধারিত সময়ের ১৯ মিনিট বিলম্বে দাখিল করার তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

