যুদ্ধবিরতি কার্যকর এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের ‘কার্যকর’ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পেজেশকিয়ান বলেন, মধ্যস্থতা প্রক্রিয়ায় পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ত্বরান্বিত করতে এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে বিশেষ সহায়ক হয়েছে।
বৈঠকে ইরানি প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধানের প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর পাশাপাশি ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন যে, ইরান এই অঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা অস্থিতিশীলতা চায় না। বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তেহরানের মূল লক্ষ্য।
পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

