ভুয়া ছবি ধরতে নতুন প্রযুক্তি আনল ওপেনএআই

0
ভুয়া ছবি ধরতে নতুন প্রযুক্তি আনল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এর সঙ্গে বাড়ছে অপব্যবহারও। বিশেষ করে ভুয়া ছবি বা ‘ডিপ ফেক’ তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর ঘটনা এখন বেশি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে ভুয়া ছবি শনাক্ত করতে নতুন একটি প্রযুক্তি এনেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

নতুন এই টুল কৃত্রিমভাবে তৈরি ছবির ভেতরে থাকা অদৃশ্য চিহ্ন শনাক্ত করতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন, কোনো ছবি ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে কি না।

ওপেনএআই জানিয়েছে, এখন থেকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য দিয়ে তৈরি সব ছবিতে গুগলের ‘সিন্থআইডি’ প্রযুক্তির অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা হবে। পাশাপাশি চালু করা হয়েছে একটি যাচাই টুল। এটি ছবির ভেতরে থাকা বিশেষ সংকেত বিশ্লেষণ করে ছবির উৎস সম্পর্কে তথ্য দেবে।

নতুন টুলটি মূলত দুটি প্রযুক্তির সহায়তায় কাজ করবে। একটি হলো গুগলের ‘সিন্থআইডি’। অন্যটি ‘সি-টু-পি-এ’ নামের উন্মুক্ত মানদণ্ড। এই প্রযুক্তি ছবির মেটাডেটায় বিশেষ তথ্য যুক্ত করে। এর মাধ্যমে ছবির উৎস শনাক্ত করা সম্ভব হয়। তবে আপাতত টুলটি শুধু চ্যাটজিপিটি, ওপেনএআই এপিআই এবং কোডেক্স ব্যবহার করে তৈরি ছবি শনাক্ত করতে পারবে।

 প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাস্তব ও কৃত্রিমভাবে তৈরি ছবির পার্থক্য এখন দ্রুত কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তিও বাড়ছে। এ অবস্থায় ওপেনএআইয়ের নতুন উদ্যোগ কিছুটা সহায়ক হতে পারে। তবে নিয়ন্ত্রণহীন বা কম পরিচিত প্রযুক্তি দিয়ে তৈরি ভুয়া ছবি শনাক্ত করা এখনো বড় চ্যালেঞ্জ।

ওপেনএআই জানিয়েছে, স্ক্রিনশট নেওয়া বা ছবির আকার পরিবর্তনের পরও ওয়াটারমার্ক কার্যকর থাকতে পারে। এছাড়া মেটাডেটাভিত্তিক সংকেত ছবির উৎস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেবে।

নতুন টুল ব্যবহার করতে ছবি আপলোড করতে হবে। বর্তমানে এটি পিএনজি, জেপিজি ও ওয়েবপি ধরনের ছবি বিশ্লেষণ করতে পারে। বিশ্লেষণের পর টুলটি জানাবে, ছবিতে বিশেষ ওয়াটারমার্ক বা অন্য কোনো সংকেত আছে কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here