ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক থাকতে হবে ‘কিউআর কোড’

0
ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক থাকতে হবে ‘কিউআর কোড’

বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় ব্যাংক স্টেটমেন্টসহ বিভিন্ন আর্থিক নথির সত্যতা দ্রুত ও সহজে যাচাই নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনের জন্য গ্রাহকদের সরবরাহ করা ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে বাধ্যতামূলকভাবে অনলাইনভিত্তিক যাচাইযোগ্য কুইক রেসপন্স (কিউআর) কোড সংযুক্ত করতে হবে। 

আজ মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এই কিউআর কোড স্ক্যান করে অন্তত পাঁচটি তথ্য যাচাই করা যাবে। এগুলো হলো- হিসাব নম্বর, হিসাবের নাম, রিপোর্ট তারিখের উদ্বৃত্ত, রিপোর্ট তারিখের সমাপনী স্থিতি এবং স্টেটমেন্ট প্রস্তুতের তারিখ। এছাড়া এসব তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণ ও অনলাইনে যাচাইযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা সেন্টার ভিসা আবেদনের সময় আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেটসহ বিভিন্ন আর্থিক দলিল জমা দিতে বলে। তবে এসব নথির তাৎক্ষণিক সত্যতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলোকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ প্রেক্ষাপটে ভিসা আবেদন নিষ্পত্তিতে সময় ও প্রশাসনিক ব্যয় কমানো এবং তথ্য যাচাই সহজ করতে ব্যাংকগুলোকে ডিজিটালি যাচাইযোগ্য ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নির্দেশনা বাস্তবায়নে ব্যাংকগুলোকে সার্কুলার জারির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় সিস্টেম প্রস্তুত করতে হবে। একই সঙ্গে এ ব্যবস্থা চালুর ক্ষেত্রে বিদ্যমান সাইবার নিরাপত্তা ও তথ্য সংরক্ষণ সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here