নকআউট নিশ্চিত হলেও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের শুরুতেই গোল পেয়েছে ব্রাজিল। ম্যাচের ছয় মিনিটেই গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সেলেসাওরা।
অবশ্য গোলের জন্য দায়টা স্কটল্যান্ডেরই। দীর্ঘ সময় বলের দখল ধরে রাখার পর নিজেদের মধ্যেই বড় ভুল করেন স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাকেনা। আক্রমণ গড়ার চেষ্টা করতে গিয়ে তিনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় বল পায়ে রাখেন। সেই সুযোগে তাকে চাপে ফেলেন রায়ান।
ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড বলটি ম্যাকেনার পা থেকে ছিনিয়ে নিতে গেলে সেই বল গিয়ে পড়ে ভিনিসিয়ুস জুনিয়রের সামনে। যিনি তখন বক্সের মুখেই ছিলেন। এরপর ভিনিসিয়ুস বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানের পাশ কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন। তাতে সহজ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে মরক্কো মুখোমুখি হবে গ্রুপের তলানিতে থাকা হাইতির। ফলে দুই দলই জিতলে গ্রুপসেরা নির্ধারণ হবে গোল ব্যবধানে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে আছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১। তাই স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। স্কটল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে ৮টিতে জয় পেয়েছে সেলেসাওরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি কার্ড দেখলে নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কাসেমিরো ও ডগলাস সান্তোস।

