সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের উদ্যোগে সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার ভালুকা উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংসদ সদস্যের ব্যক্তিগত অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আওতায় গরুর মাংস, দুধ ও ডিম বাজারমূল্যের তুলনায় কম দামে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। প্রথম দিনেই নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বলেন, ‘জনগণের সেবক হিসেবে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমার লক্ষ্য। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুরো রমজান মাসে এই কার্যক্রম চালু রাখার চেষ্টা থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের চাপের সময়ে এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

