ময়মনসিংহের ভালুকায় গাড়ির চাপায় ইভা আক্তার(৭) নামে এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) উপজেলা ভরাডোবা-উথুরা সড়কের মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাঘাডোরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইভা আক্তার নিঝুরী গুচ্ছ গ্রামের মানিক ফকিরের মেয়ে ও নিঝুরী মারকাজুল উলুম মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, চাচীর সঙ্গে অটোরিকশা করে চাচার শ্বশরুবাড়িতে যাচ্ছিল ইভা আক্তার। ওই সময় একটি ড্রাম ট্রাক আসতে দেখে তারা অটোরিকশা থামানো হয়। এ সময় ইভা রাস্তায় ছিটকে পড়লে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

