ভারতের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়াস

0
ভারতের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়াস

ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রেয়াস আইয়ার। এই ব্যাটারকে রোহিত শর্মার দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দেখছেন নির্বাচকরা। যদিও এশিয়া কাপের ১৫ সদস্যের দলে রাখা হয়নি আইয়ারকে। সেই টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল, যাকে সহ-অধিনায়কও করা হয়েছে।

সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে টুর্নামেন্টে খেলবেন গিল। সম্প্রতি টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া গিলকে ভবিষ্যতে টি-টোয়েন্টিতেও নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে, ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব নিয়ে এশিয়া কাপের পরেই সিদ্ধান্ত আসতে পারে। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

জানা গেছে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে তাদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে। নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী রোহিতকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চায় তারা।

ভারতীয় গণমাধ্যমে আরো গুঞ্জন, রোহিত ও কোহলি দুজনই আসন্ন অস্ট্রেলিয়া সফরেই তাদের শেষ ওয়ানডে খেলতে পারেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার সম্ভাবনা থাকলেও দুজনের বয়স ও ফিটনেস বিবেচনায় বিষয়টি অনিশ্চিত।

ওয়ানডে ক্রিকেটে ৫৭.৮৮ গড় এবং ৫১টি সেঞ্চুরিতে ১৪ হাজার ১৮১ রান করেছেন কোহলি। রোহিত শর্মার রান ১১ হাজার ১৬৮, গড় ৪৮.৭৬, রয়েছে ৩২টি সেঞ্চুরি। দুজনই সর্বশেষ ওয়ানডে খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here