ভাঙ্গায় রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

0
ভাঙ্গায় রিজার্ভ ট্যাংকের কাঠামো খুলতে গিয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় নির্মাণকাজ শেষে পানির রিজার্ভ ট্যাংকের ভেতরে নেমে কাঠ ও বাঁশের কাঠামো (সেন্টারিং) অপসারণ করতে গিয়ে মো. মাসুম শেখ (৫১) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌর শহরের সিনিয়র সহকারী জজ আদালত চত্বরের পাশে নির্মাণাধীন মাছ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণশ্রমিক মাসুম শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হাই শেখের ছেলে। কাজের উদ্দেশ্যে তিনি গত কয়েক মাস ধরে ভাঙ্গা পৌর বাজার এলাকায় অবস্থান করছিলেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস ধরে ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালত চত্বরের পাশে একটি মাছ বাজারের নির্মাণকাজ চলছিল। সেখানে মাছ বিক্রেতাদের জন্য একটি পাকা স্থাপনা নির্মাণ করা হয়। এর মাঝখানে একটি পানির রিজার্ভ ট্যাংকও তৈরি করা হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, নির্মাণকাজ কয়েকদিন আগে শেষ হয়। পরে ট্যাংকের ভেতরের কাঠের কাঠামো খুলতে মাসুম শেখ ট্যাংকের ভেতরে নামেন। ট্যাংকটিতে অল্প পরিমাণ পানি ছিল।

তিনি আরও বলেন, কাঠামো খুলতে গিয়ে কাঠ তার গায়ে পড়ে যেতে পারে। এছাড়া ট্যাংকের ভেতরে দুর্গন্ধযুক্ত পরিবেশ থাকায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হতে পারে। বিষাক্ত গ্যাসের কারণেও এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবু জাফর বলেন, উদ্ধার করার সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের স্বজনদের জানানো হয়েছে। মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কাজের কোনো গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here