ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0
ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আলিমুজ্জামান মোটরসাইকেলে একজন আরোহী নিয়ে স্বজনদের বাড়িতে মাংস বিতরণের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি ভাঙ্গা উপজেলা সদর থেকে নগরকান্দার জয় বাংলা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দুই কিশোর দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গার দিকে আসছিল।

পথে সিসিবিএল তেল পাম্পের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলিমুজ্জামানের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ‘এ ঘটনায় আলিমুজ্জামানের মোটরসাইকেলের একজন আরোহী ও অপর মোটরসাইকেলের চালক এবং আরোহীসহ মোট তিনজন আহত হয়েছেন। মোটরসাইকেলের চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্য দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here