ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

0
ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী মো. তোরাব মোল্লা (৭১) নামক এক দিনমজুর নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানের চালক বজলু মৃধা (৪৫) আহত হয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ জুন) সকাল পৌনে ৬ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায়। নিহত মো. তোরাব মোল্লা ভাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের চৌধুরীকান্দা মহল্লার বাসিন্দা। 

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দিনমজুর হিসেবে বিক্রি হওয়ার জন্য মো. তোরাব মোল্লা সোমবার খুব সকালে প্রতিবেশী অটোভ্যান চালক বজলু মৃধার (৪৫) অটোভ্যানে করে এক্সপ্রেসওয়ের সার্ভিসলেন দিয়ে ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের আতাদি মহল্লায় জনের হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে প্রায় ৩০০ গজ উত্তর-পূর্ব কোণে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় পৌঁছালে ঢাকার দিক থেকে আসা রপ্তানী কাজে নিয়োজিত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- ট- ১২-৩৫৪৪) বিপরীত দিক হতে এসে অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ভ্যানযাত্রী তোরাব মোল্লা ও ভ্যানচালক বজলু মৃধা গুরুতর আহত হয়। স্থানীয় ব্যক্তিরা আহত দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত বজলু মৃধাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল খান ঘটনাস্থলে ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেন।
 
নিহত তোরাব মোল্লার প্রতিবেশী ও ভাঙ্গা বাজারের ব্যবসায়ী জাহিদ হোসেন জানান, তোরাব মোল্লা দুই ছেলে ও দুই মেয়ের পিতা। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল খান বলেন, নিহত তোরাব মোল্লার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোভ্যান ও কাভার্ড ভ্যান ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাভার্ডভানের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here