সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে (শুক্রবার) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
সোমবার বোয়েসেল এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজেও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্ট্রাক্টর’ নামের একটি প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে এসব শ্রমিক নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন হবে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ছয় দিন এবং প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে।
দুই বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীদের থাকা, চিকিৎসা ও বিমান ভাড়ার খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। পাশাপাশি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন তারা।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি, যা স্বল্পশিক্ষিত ও সাধারণ কর্মীদের জন্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আগ্রহীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬। আবেদনকালে পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত বোয়েসেল জানিয়েছে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো এজেন্ট বা শাখা অফিস নেই। তাই দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার জন্য সতর্ক করা হয়েছে। সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

