ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

0
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় জাহানারা বেগম(৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত জাহানারা নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়ার মৃত গোলাম মাওলার মেয়ে এবং একই এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহানারা উপজেলার হরিপুর মধ্যপাড়া বাসিন্দা এবং একই এলাকায় বাবার বাড়ির পাশেই তার স্বামীর বাড়ি। একই এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়া(৫৫) সম্পর্কে জাহানারার চাচা হন। পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই জাহানারার বাবার বাড়ির পরিবারের সঙ্গে চাচা কুদ্দুস মিয়ার পরিবারের মনোমালিন্য চলে আসছিল। সকালে চাচা কুদ্দুস মিয়ার সঙ্গে জাহানারার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কুদ্দুস মিয়ার মেয়ে রোমানা বেগমের চুল ধরে টানাটানি করে।

পরে চাচা কুদ্দুস মিয়া ও চাচাতো বোন রোমানাসহ তাদের পরিবারের সদস্যরা জাহানারাকে উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাহানারা। এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়া জানান, নিজেদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে বিষয়টি জানতে পাশের এক চাচার বাড়িতে যান জাহানারা বেগম। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ের তার ওপর হামলা করা হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য থেকে কথা কাটাকাটির জেরে ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here