ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

0
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কান্দিপাড়া মোড় এলাকায় পপুলার প্রেসের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—কান্দিপাড়ার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। তাঁদের মধ্যে টুটুল ও শিহাবকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, টুটুলের ডান পায়ে ২০–২৫টি রাবার বুলেট লেগেছে। শিহাবের হাত–পায়েও গুলির আঘাত রয়েছে। তবে দুজনই শঙ্কামুক্ত।

টুটুল বলেন, ‘দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিল নামে একজন আমাকে গুলি করে। তার অপকর্মের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছি।’

শিহাব জানান, তিনি পাশেই দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। হঠাৎ গুলির আঘাতে আহত হন।

অভিযুক্ত লায়ন শাকিল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চোরাচালানের পণ্য নিয়ে তাদের নিজেদের মধ্যে গোলাগুলি হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক নুর ইবনে বিন সিফাত বলেন, রাবার বুলেটে আহত দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে পুরোনো বিরোধ রয়েছে। এর জের ধরে দিলীপ গ্রুপের লোকজন এলাকায় অবস্থান করলে শাকিল ও তার সহযোগীরা এসে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

তিনি আরও বলেন, আধিপত্যের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here