ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের কোটি কোটি দর্শকের নজর এক মঞ্চে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরেও বিভিন্ন দেশে সম্প্রচারস্বত্ব নিয়ে চলছে আলোচনা। তবে বাংলাদেশ ও ভারতে এখনো আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম ঘোষণা না হওয়ায় সমর্থকদের মধ্যে রয়েছে কিছুটা অনিশ্চয়তা।
এর মধ্যেই ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে সুখবর। দেশটির দর্শকেরা ইউটিউবেই বিনা মূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন।
ব্রাজিলিয়ান ক্রীড়া গণমাধ্যম প্রতিষ্ঠান লাইভমোডের অংশীদার প্ল্যাটফর্ম কাজেটিভি ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে। প্রতিষ্ঠানটির সঙ্গে বিনিয়োগকারী হিসেবে যুক্ত রয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
ব্রাজিলিয়ান কনটেন্ট নির্মাতা ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে লাইভমোডের সহযোগিতায় কাজেটিভি চালু করেন। একই বছর কাতার বিশ্বকাপের নির্বাচিত কিছু ম্যাচ সম্প্রচারের মাধ্যমে আলোচনায় আসে প্ল্যাটফর্মটি। এরপর নারী বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ ও অলিম্পিকসহ বেশ কয়েকটি বড় ক্রীড়া আসরের সম্প্রচার করেছে তারা।
২০২৬ বিশ্বকাপ উপলক্ষে কাজেটিভি চারকে রেজল্যুশনে ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা করেছে। এ ছাড়া বিশেষ অনুষ্ঠান, মাঠ ও মাঠের বাইরের নানা গল্প এবং তরুণ দর্শকদের জন্য ইন্টারঅ্যাকটিভ কনটেন্টও থাকবে তাদের আয়োজনে।
তবে ব্রাজিলের বাইরে থাকা দর্শকদের জন্য রয়েছে সীমাবদ্ধতা। বাংলাদেশ বা ভারতের ফুটবলপ্রেমীরা ইউটিউব কিংবা এক্সে কাজেটিভির চ্যানেল খুঁজে পেলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব তারা কেবল ব্রাজিল অঞ্চলের জন্য পেয়েছে। ফলে অন্যান্য দেশের দর্শকদের জন্য সম্প্রচারসেবা জিও-ব্লকের মাধ্যমে সীমাবদ্ধ রাখা হবে।
বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কারা পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই দেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হচ্ছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ঘোষণার জন্য।

