সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক (সিবিইউএ)। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকসহ সকল লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হোয়াটসঅ্যাপের মতো তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক লেনদেন, গ্রাহক যোগাযোগ এবং তথ্য সংগ্রহের কাজে আর হোয়াটসঅ্যাপ বা এই জাতীয় কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না। বিশেষ করে ব্যাংকিং লেনদেন শুরু করা, পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো এবং গ্রাহকের ব্যক্তিগত নথি আদান-প্রদানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর হবে।
সিবিইউএ তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার ফলে প্রতারণা, অ্যাকাউন্ট হ্যাকিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। এছাড়া গ্রাহকের সংবেদনশীল তথ্য দেশের বাইরের সার্ভারে সংরক্ষিত হওয়ার আশঙ্কা থাকে, যা আমিরাতের ডেটা রেসিডেন্সি বা তথ্য সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন।
এই ঝুঁকি এড়াতে এবং একটি নিরাপদ ব্যাংকিং পরিবেশ তৈরি করতে কেন্দ্রীয় ব্যাংক আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ব্যাংকগুলোকে পুরোপুরি এই কার্যক্রম থেকে সরে আসার সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা ও বড় অংকের জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলোকে এখন থেকে নিজস্ব মোবাইল অ্যাপ, অনলাইন পোর্টাল বা সরাসরি কল সেন্টারের মতো অনুমোদিত ও সুরক্ষিত মাধ্যমগুলো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: খালিজ টাইম

