বিস্ফোরকের সংকটে এক মাস ধরে বন্ধ মধ্যপাড়া পাথর খনির উৎপাদন

0
বিস্ফোরকের সংকটে এক মাস ধরে বন্ধ মধ্যপাড়া পাথর খনির উৎপাদন

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট খনিতে ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের সংকটের কারণে প্রায় এক মাস ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে খনির উৎপাদন পুনরায় চালু হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

খনি সূত্রে জানা গেছে, গত ১৯ মে সকাল থেকে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়। সে সময় খনি কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে উৎপাদন চালুর আশ্বাস দিলেও এখনো তা সম্ভব হয়নি।

তবে পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) জানিয়েছে, উৎপাদন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন বলেন, অ্যামোনিয়াম নাইট্রেট একটি বিশেষায়িত পণ্য হওয়ায় এটি সমুদ্রপথে আমদানি করতে হয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে জাহাজ পেতে বিলম্ব হওয়ায় সরবরাহেও দেরি হয়েছে।

তিনি জানান, বিস্ফোরকবাহী চালানটি বর্তমানে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। কয়েক দিনের মধ্যেই এটি দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।

এমডি আরও জানান, খনির জন্য ৩০০ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেটের চাহিদা দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৮৮ মেট্রিক টন সরবরাহ পাওয়া যাবে, যা দিয়ে প্রায় দুই থেকে আড়াই মাস উৎপাদন চালানো সম্ভব হবে। পরে পর্যায়ক্রমে বাকি সরবরাহ আসবে। ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের বিস্ফোরক দীর্ঘদিন মজুত রাখা যায় না।

তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণ ও পাথর বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। তবে চাহিদা অনুযায়ী সব ধরনের পাথর না থাকায় বিক্রি কিছুটা কমেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূগর্ভস্থ পাথর উত্তোলনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক সরবরাহের দায়িত্ব খনি কর্তৃপক্ষের। অতীতে সময়মতো বিস্ফোরক সরবরাহ করতে না পারায় ২০২২ ও ২০২৫ সালেও উৎপাদন বন্ধ হয়েছিল। এছাড়া বিস্ফোরকের অভাবে ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ ছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু করে। বর্তমানে জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির আওতায় প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়। খনিটিতে তিন শিফটে প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here