বিশ্ব পরিবেশ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী উদ্যোগ

0
বিশ্ব পরিবেশ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ। সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে বুথ স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। দুপুরে রেলস্টেশনে কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।

রেলস্টেশনসহ জনসমাগমস্থলে প্রতিদিন বিপুল প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে থাকে। এসব বর্জ্য পরিবেশ দূষণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয়ের জন্য হুমকি। এ পরিস্থিতিতে প্লাস্টিক পৃথক সংগ্রহ ও পুনর্ব্যবহারে উৎসাহ দিতে স্টেশনে বিশেষ বুথ স্থাপন করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও সচেতনতামূলক র‍্যালি করা হয়।

আয়োজকরা জানান, তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে নদী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে নদী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্লাস্টিকবিরোধী প্রচারণা চালিয়ে আসছে। বিশ্ব পরিবেশ দিবসে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, সুশান্ত পাল, মোস্তফা দেলোয়ার, আব্দুল হেকিম, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদরের সংগঠক আরিফ বিল্লাহ আজিজি, রোটারিয়ান আশিকুল আলম, সীমান্ত পাখি সুরক্ষার আহ্বায়ক তোফায়েল আহমেদসহ তরী বাংলাদেশের সদস্য বাচ্চু মিয়া, মো. ইদ্রিস মিয়া, মনির হোসেন, ইয়াসমিন বেগম ও সঞ্চারী মল্লিক।
মোশাররফ হোসেন বেলাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here