বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান

0
বিশ্ব পরিবেশ দিবসে 'প্লাষ্টিকমুক্ত কুয়াকাটা' শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সৈকত পরিচ্ছন্ন রাখা এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের উদ্যোগে কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। একই সঙ্গে সৈকতে আগত পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

আয়োজকরা জানান, পর্যটকদের অসচেতনতা এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৈকতের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ বিভিন্ন ধরনের কঠিন বর্জ্য জমা হচ্ছে। এসব বর্জ্য একদিকে যেমন সমুদ্রসৈকতের সৌন্দর্য নষ্ট করছে, অন্যদিকে সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশের জন্যও বড় হুমকি হয়ে উঠছে।

কর্মসূচিতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা সৈকতের বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেব শরীফ, টোয়াক ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ আহদুজ্জামান।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণ কমাতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি পরিচ্ছন্ন, টেকসই ও পরিবেশবান্ধব কুয়াকাটা গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ এবং পর্যটকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here