বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন

0
বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে টানা চাপের মুখে আবারও কমেছে স্বর্ণের দাম। শক্তিশালী মার্কিন ডলার, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়। বৃহস্পতিবার (২৮ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বিগত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কা বিশ্ববাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে। একই সময়ে মার্কিন ডলারের মানও এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ডলার শক্তিশালী হয়ে ওঠায় অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে বাজারে চাহিদা কমে গিয়ে দামে চাপ তৈরি হয়েছে। শুধু স্বর্ণ নয়, রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮০ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি ২৬ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। অন্যদিকে জুনে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৩৭৭ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও বড় পতন হয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৩৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯০ দশমিক ৮১ ডলারে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬৪ দশমিক ২৬ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম উচ্চ অবস্থানেই রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here