বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

0
বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সোমবার দিনের শুরুতে দাম দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে তা আংশিকভাবে ঘুরে দাঁড়ায়। তবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ বাড়ায় স্বর্ণের দামের ঊর্ধ্বগতি সীমিত ছিল।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬৭ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়।

এর আগে দিনের মধ্যে স্বর্ণের ৩০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। 

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৭২ দশমিক ৪ ডলারে পৌঁছেছে।

জেফারিজ মালিকানাধীন ট্রাডু ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক নিকোস তজাবোরাস বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “এ বছর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা নেই বললেই চলে। বরং সুদহার বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। ফলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে।”

বিনিয়োগকারীদের চাহিদা কমে যাওয়ায় বিভিন্ন ব্যাংক স্বল্পমেয়াদে স্বর্ণের মূল্য সংক্রান্ত পূর্বাভাস কমাতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম বড় ঋণদাতা প্রতিষ্ঠান জেপি মরগান ২০২৬ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস প্রতি আউন্সে ৫ হাজার ৭০৮ ডলার থেকে কমিয়ে ৫ হাজার ২৪৩ ডলারে নামিয়েছে। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here