বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ তারকা

0
বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ তারকা

জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে নিউজিল্যান্ডের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। প্রথমে অলরাউন্ডার সুজি বেটস এবং তার পথে হেঁটে বিশ্বকাপের পরেই অবসরের সিদ্ধান্ত নিলেন সোফি ডিভাইন ও লিয়া তাহুহু। তিন ক্রিকেটারই দুই বছর আগে কিউইদের প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪৭১৭ রান করা বেটস সর্বপ্রথম দিনকয়েক আগে অবসরের ঘোষণা দেন। সেপ্টেম্বরে তার ৩৯ বছর বয়স পূর্ণ হবে। একইভাবে অবসরের সিদ্ধান্ত নেওয়া ডিভাইন ৩৬ এবং তাহুহু ৩৫ বছর বয়সী। টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার মিশনে তারা শেষবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। তিন তারকাকে নিয়ে নিউজিল্যান্ডের আসন্ন নারী বিশ্বকাপের স্কোয়াড সাজানো হয়েছে।

অ্যামেলিয়া কের নেতৃত্বাধীন স্কোয়াডে গত বিশ্বকাপজয়ী দলের ১০ জন ক্রিকেটার আছেন। কের, বেটস, ডিভাইন ও তাহুহু’র পাশাপাশি ইজি গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, জেস কের, রোজমেরি মেয়ার ও জর্জিয়া প্লিমার যথারীতি খেলবেন এবারও। বাঁ-হাতি পেসার ব্রি ইলিং, উইকেটরক্ষক ব্যাটার পলি ইংলিস ও বাঁ-হাতি স্পিনার ফ্লোরা ডেভনশায়ার প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন। যদিও গত বছর ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন তাদের সবাই। 

এ ছাড়া ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া অফস্পিন অলরাউন্ডার নেনসি প্যাটেল, মার্চে অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার ইজি শার্পেরও জায়গা হয়েছে মেগা ইভেন্টটির দলে। বিশ্বকাপের গ্রুপ-২ এ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তারা ৬ জুন বাংলাদেশ এবং ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। আর ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৪ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে অ্যামেলিয়া কেরের দল।

তিন অভিজ্ঞ তারকার অবসর প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধান কোচ বেন সাওয়ার বলছেন, ‘একই টুর্নামেন্টে সবচেয়ে সিনিয়র তিন ক্রিকেটারের অবসরের ঘটনা খুবই দুর্লভ ও বিশেষ। তাদের তিনজনই যে যার জায়গায় উজ্জ্বল এবং এই দলের জন্য অনেক কিছু দিয়েছে। এই ত্রয়ী ক্রিকেটারের বিদায়ের মুহূর্তে তাদের স্বীকৃতি ও একসঙ্গে উদযাপনের মুহূর্ত আসছে। আমি এখনও তারা নিজেদের চূড়ান্ত মিশনে দলের জন্য ভালোর করার লক্ষ্যে প্রস্তুতিতে বেশ মনোযোগী।’

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড 

অ্যামেলিয়া কের (অধিনায়ক), সুজি বেটস, সোফি ডিভাইন, ফ্লোরা ডেভনশায়ার, ইজি গেজ (উইকেটরক্ষক), ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, পলি ইংলিস (উইকেটরক্ষক), জেস কের, রোজমেরি মেয়ার, জর্জিয়া প্লিমার, ইজি শার্প (উইকেটরক্ষক) ও লিয়া তাহুহু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here