বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি

0
বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। কোচিং ক্যারিয়ারের পাশাপাশি এখন বিজ্ঞাপন জগতেও ব্যাপক চাহিদা তৈরি হয়েছে তার।

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক শীর্ষ ব্র্যান্ড তাকে নিয়ে প্রচারণার আগ্রহ দেখালেও এখন পর্যন্ত সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ। এর মধ্যে রয়েছে ব্রাহমা, ভক্সওয়াগেন এবং অ্যামাজন, যারা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের স্পন্সরও।

সম্প্রতি তার একটি বিজ্ঞাপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, সৈকতে দাঁড়িয়ে থাকা আনচেলত্তির পায়ের কাছে সংবাদপত্র দিয়ে তৈরি একটি বল এসে পড়ে। সেটি তুলে নিয়ে তিনি একটি শিরোনাম পড়েন যেখানে লেখা ছিল, ‘ষষ্ঠ শিরোপায় বিশ্বাস করে ব্রাজিল’। মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিওই ইউটিউবে ১ কোটি ২০ লাখের বেশি ভিউ পেয়েছে।

বিজ্ঞাপন জগতে আনচেলত্তির উপস্থিতি নিয়ে বিজ্ঞাপন নির্বাহী বার্নার্দো পন্তেস বলেন, তার মতো ব্যক্তিত্বকে নিয়ে কাজ করা অত্যন্ত ব্যয়বহুল এবং উচ্চমানের বিনিয়োগ প্রয়োজন।

বিভিন্ন প্রচারণা মিলিয়ে আনচেলত্তিকে নিয়ে তৈরি কনটেন্ট ইতোমধ্যে ৮ কোটির বেশি ভিউ অর্জন করেছে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সফল এই কোচ এখন ব্রাজিলে নতুন এক জনপ্রিয়তার অধ্যায় তৈরি করছেন।

পারিশ্রমিকের দিক থেকেও তিনি অনেক এগিয়ে। সাবেক কোচ তিতের তুলনায় আনচেলত্তির বিজ্ঞাপনী চুক্তির মূল্য অনেক বেশি বলে জানা গেছে। বিভিন্ন প্রচারণার জন্য তার চুক্তির পরিমাণ প্রায় ১ কোটি রিয়াল পর্যন্ত পৌঁছেছে।

ভক্সওয়াগেনের প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিতই ব্র্যান্ডটির গাড়ি ব্যবহার করছেন। অন্যদিকে ব্রাহমার প্রচারণায় অংশ নিয়ে তিনি ব্রাজিলের বিভিন্ন শহরে কার্নিভাল কার্যক্রমেও অংশ নেন। বিশ্বকাপের আগে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও আলোচনায় রয়েছেন এই অভিজ্ঞ কোচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here