আসন্ন ফিফা বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে উত্তর আমেরিকার সেরা শহরের স্বীকৃতি পেয়েছে কানাডার ভ্যাঙ্কুভার। ভেন্যুর চমৎকার অবস্থান, উন্নত গণপরিবহণ ব্যবস্থা ও হাঁটার সুবিধার কারণে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোকে পেছনে ফেলে তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছে এই প্রাণবন্ত শহরটি।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ও স্বনামধন্য ক্রীড়া ম্যাগাজিন ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ প্রকাশিত এক সাম্প্রতিক র্যাংকিংয়ে এই তথ্য জানানো হয়। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর ১৬টি আয়োজক শহরের মধ্যে ভ্যাঙ্কুভার শীর্ষস্থান দখল করেছে, যেখানে কানাডার অপর শহর টরন্টো রয়েছে তৃতীয় অবস্থানে।
তালিকাটিতে উল্লেখ করা হয়েছে, ভ্যাঙ্কুভার শহরটি অনেক শহরের মতো নয়, দর্শক বা ভক্তরা হয়ত এখানে পুরোপুরি গাড়ি চালানো এড়াতে পারবেন। প্রকাশনাটি বেশ কয়েকটি মার্কিন ও মেক্সিকান আয়োজক শহরের তুলনায় ভ্যাঙ্কুভারের গ্রীষ্মের মৃদু তাপেরও প্রশংসা করেছে এবং পাহাড় ও সমুদ্রের সুন্দর সংমিশ্রণের কথাও উল্লেখ করেছে।
প্রকাশনা বলছে, ভ্যাঙ্কুভার শহরটি অল্প ব্যবধানে তার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম প্রতিবেশী সিয়াটলকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করেছে, এবং কানাডার অপর আয়োজক শহর টরন্টো তৃতীয় স্থান অধিকার করেছে। মেক্সিকো সিটি ও আটলান্টা রয়েছে চার ও পাঁচ নম্বরে।
গতকাল শনিবার সকালে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর এই তালিকাটি শেয়ার করেছেন। তিনি পোস্টটির একাংশে লিখেছেন, ‘ব্রিটিশ কলম্বিয়ার এই প্রাণবন্ত শহরটি যে স্বীকৃতি পাওয়ার যোগ্য, তা দেখে আমি অত্যন্ত গর্বিত। বিশেষ করে উত্তর আমেরিকার সেরা ১৬টি শহরের মধ্যে থেকেও।’

