দিনাজপুর-৩ সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়, কর্মসংস্থান পেলে তাঁরাও উন্নয়নের অংশীদার হতে পারে। অনুদান শুধু অর্থ নয়- একটি স্বপ্নকে বাস্তবায়ন করার সাহস। কর্মসংস্থান শুধু উপার্জন নয় বরং নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় অঙ্গীকার। নিজেকে প্রতিবন্ধী না ভেবে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করতে পারে। শুধু সহযোগিতার প্রয়োজন।
আজ শনিবার (১৬ মে) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ভিউ ফাউন্ডেশন ও উত্তোরণ প্রতিবন্ধী সংস্থা দিনাজপুর-এর আয়োজনে এবং রোটারী ক্লাব অব বারীধারা- ঢাকা’র সহযোগিতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী নারী ও পুরুষের মাঝে আর্থিক সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম একশজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে ৪০ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অনামিকা পান্ডে।
রোটা. আলী আসফাক এফসিএ, ট্রাস্টি, ভিউ ফাউন্ডেশন এবং পোট প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব বারিধারার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বারিধারা ঢাকা’র প্রেসিডেন্ট মেহেরুন-এন-ইসলাম ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিউ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাইফুল খান শাহিন। সূচনা বক্তব্য রাখেন উত্তোরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম।

