হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিভুক্ত এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, উদ্ভুত নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধকল্পে এয়ারফ্রেইট ইউনিট, এক্সপ্রেস সার্ভিস ইউনিট এবং রাষ্ট্রীয় গুদামে রক্ষিত বিভিন্ন প্রকার পণ্য নিলামে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার কাস্টমস হাউস, ঢাকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, কাস্টমস হাউস ঢাকার অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে বিভিন্ন প্রকার মালামাল যেখানে যে অবস্থায় আছে, সে ভিত্তিতে নিলামে বিক্রয়ের জন্য E-Auction Website এর মাধ্যমে আগ্রহী নিলাম ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান হয়।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত বিশেষ আদেশ নং-২৬/২০২৬/কাস্টমস, তারিখ: ১০/০৬/২০২৫ খ্রি. এর নির্দেশনার আলোকে লটসমূহের সংরক্ষিত মূল্য ব্যতীত প্রথম নিলামে কোনো লটের বিপরীতে প্রাপ্ত মূল্যসমূহের মধ্যে সর্বোচ্চ মূল্যে সংশ্লিষ্ট লটের পণ্য নিলামে বিক্রয় করা হবে।
নিলাম ক্রেতারা আগামী ১৮ জুন সকাল ৯টা টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত www.bangladeshcustoms.gov.bd, www.dch.gov.bd, www.nbr.gov.bd ওয়েবসাইটে উল্লিখিত E-Auction Website Address (https://auction.bdcustoms.gov.bd) এ রেজিস্ট্রেশন/নিবন্ধন অথবা বিডার লগইন করে উক্ত ই-নিলামে অংশগ্রহণ করতে পারবেন।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে। নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে বিডারদের জন্য সরেজমিন পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। অনলাইনের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও আনুষাঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।
ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই বিকাল ৩টায় কাস্টমস হাউস, ঢাকার সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিডারদের E-Auction পোর্টাল ডিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

