ভারতে আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে আটক বাংলাদেশি নাগরিক আতাউস সামাদ আতুকে ফেরত দিয়েছে দেশটির প্রধান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল শনিবার বিকালে পতাকা বৈঠক শেষে রাত সাড়ে ৭টার দিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আতাউস সামাদ (৪৪) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আতাউস সামাদ গত শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে ভারতে তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান। পরে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে। একই সঙ্গে অনুপ্রবেশের ঘটনাটি বিজিবিকে জানায় তারা।
এ নিয়ে বিকাল ৫টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানির কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠক শেষে আতাউস সামাদকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যার দিকে বিজিবি সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, আতাউস সামাদ ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হন। পরবর্তী সময়ে বিএসএফ তাকে বিজিবির কাছে পুশব্যাক করে। পরে সন্ধ্যার দিকে তাকে থানায় হস্তান্তর করে বিজিবি।
আতাউস সামাদকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

