বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

0
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এ দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী, আইপিএস-এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিয়েছে। তাদের সঙ্গে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরাও রয়েছেন।

এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ; ভারত থেকে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ; সীমান্ত এলাকায় ১৫০ গজের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ নিয়ন্ত্রণ; সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের ফলে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমন এবং সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হবে।

আগামী ২৮ আগস্ট সকালে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। একই দিন ভারতীয় প্রতিনিধি দল নিজ দেশে ফিরে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here