‘বিচার চাই না’ রামিসার বাবার কথার প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী

0
'বিচার চাই না' রামিসার বাবার কথার প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী

দেশের বিচার ব্যবস্থা নিয়ে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার ক্ষোভকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, এমন নৃশংস ঘটনায় মানুষের আস্থার সংকট তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়, তবে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া, ঢাকার রামিসা এসব ঘটনা আমাদের মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকতে পারে না।

তিনি আরও বলেন, রামিসার বাবা অমূলক কিছু বলেননি। বিচার ব্যবস্থায় মামলার জট রয়েছে, সেটি নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। আছিয়ার মামলার উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে সাত দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল এবং এক মাসে বিচার সম্পন্ন হয়েছিল।

মামলার গুরুত্ব অনুযায়ী দ্রুত পেপার বুক প্রস্তুত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। রামিসা হত্যার বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করে বলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে যা যা প্রয়োজন, তা করা হবে।

পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত এগোলে রামিসার বাবার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। তবে বিচার কার্যক্রম পরিচালনা সুপ্রিম কোর্টের বিষয়, সেখানে সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই।

তিনি বলেন, এসব ঘটনা সমাজের গভীর সমস্যার প্রতিফলন। রাজনৈতিক বিবেচনায় কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ মামলার বিচার হবে এবং প্রসিকিউশন টিম এটিকে ফাস্ট ট্র্যাকে নেবে। আদালত সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়েছে। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়, পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সোহেল রানা।

নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। পরিবারটি প্রায় ১৭ বছর ধরে পল্লবীতে বসবাস করছে।

মেয়েকে হারিয়ে শোকাহত বাবা আবদুল হান্নান মোল্লার বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, তিনি বিচার চান না, কারণ তার বিশ্বাস বিচার হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here