বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও অতিরিক্ত দায়িত্বে থাকা চাঁদপাশা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) জহিরুল ইসলামের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা গেছে, ভূমিসংক্রান্ত সেবা নিতে আসা এক বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন জহিরুল ইসলাম। টাকা হাতে নিয়ে কথাবার্তার একপর্যায়ে মোবাইল ফোনের দিকে তাকিয়ে দ্রুত টাকা পকেটে রেখে দেন তিনি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসনকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
নাম প্রকাশ করার না শর্তে রহমতপুর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারী জানান, তহশিলদার জহিরুল ইসলাম প্রতিসপ্তাহে বিমানে ঢাকা যাতায়াত করেন। বিমানের ফ্লাইট না থাকলে স্লিপার বাসে চলাচল করেন। এর আগে বরিশাল সদরে কর্মরত থাকাকালেও বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জহিরুলের একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তহশিলদার জহিরুল ফোন রিসিভ করেননি।
বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, ভাইরাল ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি নিয়ে জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, বিষয়টি তার নজরে এসেছে। জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

